২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপেটুইউর এমডি-জিএম গ্রেপ্তার

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রাজধানীর উত্তরা ও লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 03:42 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক ও মহা ব্যবস্থাপককে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মাহামুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইউনিপেটুইউর এমডি মুনতাসির ইমন এবং লালবাগ এলাকা থেকে জিএম মো. জামশেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। “মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে ইউনিপেটুইউর গ্রাহকদের দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন”, বলেন ওসি। ইউনিপেটুইউ মেম্বারর্স ক্লাবের নামে এ কোম্পানির গ্রাহকরা সম্প্রতি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, এ কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আনুমানিক ছয় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। ২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠনের বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার। ইউনিপেটুইউ মেম্বারর্স ক্লাবের সদস্যরা তাদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০৯৩৫ ঘ.