২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক উল্টে ঘরে, নিহত ৪

মালবোঝাই একটি ট্রাক উল্টে বসতঘরের ওপর পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে চাঁদপুর সদর উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 03:22 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চাঁদপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালবোঝাই একটি ট্রাক উল্টে বসতঘরের ওপর পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে চাঁদপুর সদর উপজেলায়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা ট্রাকের নিচে চাপা পড়া চারজনের লাশ উদ্ধার করে। এরা হলেন- সেলিম শেখ (৪৫), তার স্ত্রী ফজিলাতুন্নেছা (৪০), ছেলে রাসেল (১৮) ও মেয়ে শিল্পী (১৪)। এই ঘটনায় বেঁচে যাওয়া দশ বছরের রাকিবকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিহত ফজিলাতুন্নেছার দেবর লিটন শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ১২টার পর চাঁদপুরের পুরানবাজার থেকে ধানের কুড়ার বস্তা নিয়ে বেনাপোলের দিকে যাওয়ার পথে শ্রীরামপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। ঘটনাস্থলেই নিহত হন ওই পরিবারের চার সদস্য। ওসি মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ফজিলাতুন্নেছার ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগম জানান, সেলিম শেখ ছিলেন পেশায় রিক্সা চালক। তার চার ছেলেমেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে এ দুর্ঘটনায় মারা গেছে। নানার বাড়িতে বেড়াতে যাওয়ায় বেঁচে গেলে আরেক ছেলে কাদির (২০)। এই পরিবারের বড় মেয়ে সেলিনা (২২) স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকেন বলে মরিয়ম বেগম জানান। লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান বলেন, এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সব ধরনের সহযোগিতাই দেবে ইউনিয়ন পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১৪ ঘ.