২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস বিরোধী মিছিল

মুহাম্মদ ইউনূসের পারিবারিক বন্ধু বলে পরিচিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের প্রথম দিনে শনিবার গ্রামীণ ব্যাংকের সাবেক প্রধানের বিরুদ্ধে মিছিল করেছে প্রতিষ্ঠানটির সাবেক কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের পারিবারিক বন্ধু বলে পরিচিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের প্রথম দিনে শনিবার গ্রামীণ ব্যাংকের সাবেক প্রধানের বিরুদ্ধে মিছিল করেছে প্রতিষ্ঠানটির সাবেক কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী। গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ ও গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি নামে দু’টি সংগঠনের ব্যানারে মিছিল থেকে ইউনূসের ‘দুর্নীতি’র শ্বেতপত্র প্রকাশসহ ৯ দফা দাবি জানানো হয়। শনিবার বিকালে রাজধানীর মীরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে মিছিল করে কয়েক’শ লোক। গ্রামীণ ব্যাংক বিভিন্ন সময়ে স্বেচ্ছায় অবসরে যাওয়া কর্মীরা ওই সংগঠনের নেতৃত্বে আছেন। তবে তাদের দাবি, ইউনূস তাদেরকে জোরপূর্বক চাকরি থেকে বিতাড়িত করেছেন। ৬০ বছর উত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে গত বছরের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে শান্তিতে নোবেলজয়ী ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদের মহাসচিব মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারিত করা হলেও তিনি এখনো দেশে-বিদেশে নানা রকম ষড়যন্ত্র করছেন। আমরা তার ষড়যন্ত্রের হাত থেকে গ্রামীণ ব্যাংকে বাঁচাতে সরকার ও গ্রামীণ বাংকের পরিচালনা পরিষদের কাছে ৯ দফা দাবি জানিয়েছি।” গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি সভাপতি কে এম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনূস এখানো ব্যাংকটিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/০০১৬ ঘ.