২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুক না দেওয়ায় গৃহবধূ খুন’

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুরবাড়ির সদস্যদের হাতে এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

সিরাজগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুরবাড়ির সদস্যদের হাতে এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে। শনিবার সকালে চকপাড়া গ্রামে নিহতের শ্বশুরবাড়ি থেকে জান্নাতীর (২২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জান্নাতী তাড়াশ সদরের খন্দকার জহুরুল ইসলামের মেয়ে। তার স্বামী বুলবুল উপজেলার কুন্দইল চকপাড়া গ্রামের আরজান আলীর ছেলে। তাড়াশ থানার ওসি আতাউর রহমান রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির মা থানায় এসেছেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে। মৃত জান্নাতীর বাবা খন্দকার জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেড় বছর আগে বুলবুলের সঙ্গে জান্নাতীর বিয়ে হয়। বিয়ের পর বুলবুল আমার মেয়ের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তু টাকা না পেয়ে তার উপর নির্যাতন শুরু করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে মেয়ে বাড়িতে চলে আসে। এরপর আর নির্যাতন করা হবে না মর্মে প্রতিশ্র“তি দিয়ে সম্প্রতি বুলবুল ও তার বাবা জান্নাতীকে তাদের বাড়ি নিয়ে যায়। কিন্তু শুক্রবার রাতে সে আবারো জান্নাতীকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয় ও মারধর করে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে বাধা দেয়। তিনি অভিযোগ করেন, “শনিবার সকালে জান্নাতীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে লাশ ঝুলিয়ে রেখে বুলবুলসহ বাড়ির সবাই পালিয়ে যায়।” তবে, গৃহবধূর লাশ উদ্ধারের পর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি করেন ওসি আতাউর রহমান। ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। পরে নিহতের পরিবার হত্যা মামলা করতে চাইলে তা নেওয়া হবে। তবে, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২২৫৫ ঘ.