ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতালের বিপক্ষে নিজের অবস্থান প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে শনিবার ঢাকায় আসেন হিলারি।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত দুই সপ্তাহে পাঁচ দিনের হরতালের বিষয়টিও যৌথ সংবাদ সম্মেলনে হিলারির বক্তব্যে স্থান পায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর হিলারি হরতালের বিরোধিতা করে বলেন, বিনিয়োগের ক্ষেত্রে এতে আন্তর্জাতিক সম্প্রদায় ভুল সঙ্কেত পায়।
গত হরতালে পাঁচ ব্যক্তির মৃত্যু এবং নিু আয়ের মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
টানা হরতাল নিয়ে দেশের ব্যবসায়ী মহল উদ্বেগ প্রকাশ করলেও বিরোধী দল বলছে, সরকারের ‘দমন-পীড়নের’ কারণে হরতাল দিতে ‘বাধ্য’ হচ্ছে তারা।
বিএনপি নেতা মওদুদ আহমদ শনিবার সকালেই এক আলোচনা সভায় বলেন, ‘বিরোধী দল হিসেবে গত সাড়ে তিন বছরে বিএনপি ১৩ দিন হরতাল করেছে। অথচ আওয়ামী লীগ ওই সময়ে বিরোধী দলে থাকাকালে ৯৭ দিন হরতাল করেছিল।”
হিলারি পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “শুধু সরকারি দল নয়, আমি আমি সব দলের প্রতিই আহ্বান জানাচ্ছি, আপনারা গণতন্ত্র এগিয়ে নিতে এবং আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রয়োজনীয় সব কিছু করবেন।”
দ্বিপক্ষীয় বৈঠকে ইলিয়াসের অন্তর্ধাণ এবং পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের খুন হওয়ার ঘটনাটিও তোলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান তিনি।
সফরের প্রথম দিন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন হিলারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২৩০০ ঘ.
bdnews24