২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাককর্মী নিহতে আবেদের শোক

আফগানিস্তানে তালেবান হামলায় ব্র্যাককর্মী মো. মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে তালেবান হামলায় ব্র্যাককর্মী মো. মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। শনিবার এ শোকবার্তায় তিনি বলেন, “আমি আশা করছি দৃঢ় মনোবল ও সাহসের মাধ্যমে তার পরিবার এ কঠিন সময় পার করতে সক্ষম হবে।” যুদ্ধপীড়িত আফগানিস্তানে দেশটির জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মহিউদ্দিনের সাহসিকতারও প্রশংসা করেন ফজলে হাসান আবেদ। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গোর প্রদেশে ব্র্যাক কার্যালয়ে তালেবান হামলায় নিহত হন মহিউদ্দিন। গোরের প্রাদেশিক রাজধানী চাগচারানে বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়। ফজলে হাসান আবেদ বলেন, ব্র্যাক আফগানিস্তানের বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখবে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করবে। নিহত মহিউদ্দিন (৪১) আড়াই বছর ধরে গোর শহরে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৯৩৪ ঘ.