২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে বিশ্ব ধাত্রী দিবস

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক ধাত্রী দিবস পালিত হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক ধাত্রী দিবস পালিত হচ্ছে শনিবার। দিবসটি উপলক্ষে শুক্রবার এক যৌথ বিবৃতিতে ধাত্রীসেবা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. বাবাটুন্ডে ওসোটিমেহিন ও ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) মহাসচিব অ্যাগনেটা এস. ব্রিজেস। এ বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে স্বাস্থ্য বিশেষ করে ধাত্রী সেবার মতো খাতে বিনিয়োগ বাড়াতে হবে। নিরাপদ গর্ভকালীন মাতৃত্ব ও শিশু জন্মপ্রক্রিয়া নিরাপদ করতে ধাত্রীদের কাজের প্রশংসা করে তারা বলেন, সন্তান জন্মের সময় দক্ষ সেবা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, ধাত্রীদের তত্ত্ববধানের সুবিধা না পাওয়াসহ মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা না পাওয়া মাতৃ ও শিশু মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি। বিশ্বের ৩০টি দেশে ধাত্রীবিদ্যা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি আরো জোরদার করার জন্য কাজ করছে ইউএনএফপিএ ও আইসিএম। ২০১৫ সালের মধ্যে তিন হাজার ধাত্রী প্রশিক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। এছাড়া জাতীয় ধাত্রী কৌশল প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) সভাপতি হালিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ১৮০ জন ধাত্রী বিভিন্ন হাসপাতালে কাজ করছেন। তিনি বলেন, “তারা আগে নার্স ছিলেন। পরে ছয় মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ধাত্রীর কাজ শুরু করেন তারা।” বাংলাদেশে এক বছরব্যাপী ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ নিয়েও সাধারণ নার্সের কাজ করছে অনেকে। প্রশিক্ষণটি আন্তজার্তিক মানের সব শর্ত পূরণ না করায় এবং ‘ধাত্রী’ হিসেবে কোনো পদ না থাকায় তারা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পাচ্ছেন না। ধাত্রীসেবাকে একটি ‘সম্মানজনক’ পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি পর্যায়ে এ জন্য পদ সৃষ্টির জন্য পরামর্শ দিয়েছে আইসিএম। হালিমা আক্তার বলেন, জাতীয় ধাত্রী কৌশল প্রণিত হলে এ বিষয়টি আলোচনায় আসবে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে ৫ অর্জনের পথেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে প্রসূতির মৃত্যুর হার প্রতি এক লাখে ১৯৪ জন। তবে এখনো প্রায় ৭০ শতাংশ প্রসূতির সন্তান জন্ম হয় বাসাতে অপ্রশিক্ষিত কারও হাতে। এর ফলে প্রসবকালীন জটিলতা ও মৃত্যুর কারণ ঘটে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮টায় ইউএনএফপিএর সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে বিএমএস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এসইউ/১৬৫১ ঘ.