২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা বিদ্রোহ মামলায় ৫২ জনের সর্বোচ্চ শাস্তি

বিডিআর বিদ্রোহের পর দায়ের করা একটি মামলার রায়ে ৩৬ ব্যাটালিয়নের ৫২ জনকে সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ মামলায় ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৫২ জনকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এর বিচারক কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান এ রায় ঘোষণা করেন। এই মামলার অভিযোগ দায়ের করার প্রায় দুই বছর পর রায় হল। এছাড়া রায়ে ৩১০ জন আসামির মধ্যে দুজনকে সাড়ে ছয় বছর, ১৩ জনকে ছয় বছর, ৩১ জনকে পাঁচ বছর, ৫৩ জনকে চার বছর, পাঁচজনকে সাড়ে তিন বছর, ৫৮ জনকে তিন বছর, তিনজনকে আড়াই বছর, ৫০ জনকে দুই বছর, ৩৭ জনকে এক বছর, তিনজনকে ছয় মাস এবং দুজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া একজনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার আগে আদালতে আসামিদের হাজির করা হয়। মামলার প্রসিকিউটর মেজর মো. সুজাউল হক আসামিদের উপস্থিতি নিশ্চিত করেন। মেজর সুজাউল জানান, খালাস পাওয়া সিপাহী আব্দুর রশিদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তাকে চাকরিতে পুনর্বহাল করা হবে। রশিদসহ এই মামলার মোট আট জন আসামি দোষ স্বীকার করেন। রশিদ ছাড়া সবার বিভিন্ন মেয়াদে সাজা হয়। সুজাউল জানান, ৩১০ আসামির মধ্যে ৬৩ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। তাদের সবার বিরুদ্ধেই ফৌজদারি আইনে বিচার চলছে। ২০১০ সালের ১৫ মার্চ নায়েব সুবেদার গিয়াস উদ্দিন ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৩১০ আসামির বিরুদ্ধে বিশেষ আদালতে বিদ্রোহের অভিযোগ দায়ের করেন। প্রায় ১১ মাস পর ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমে এই মামলাটি ‘বিশেষ আদালত-৫’ এ ছিল। পরে বিশেষ আদালত পুনর্গঠিত হওয়ার পর মামলাটি বিশেষ আদালত-১০ এ স্থানান্তর হয়। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিভিন্ন সেক্টরের মোট ১১টি মামলা হয়। এর মধ্যে এর আগে পাঁচটি মামলার রায় হয়েছে। এ নিয়ে পিলখানার বিদ্রোহ মামলার ছয়টির রায় হলো। এই মামলার সাক্ষীর সংখ্যা ছিল ১১৯ জন। সাফাই সাক্ষী ছিল ১৯ জন। মামলা দায়েরের প্রায় দুই বছর পর রায় হলেও এই মামলার কার্যদিবস ছিল ৪৬ দিন। এই মামলার প্রথম প্রসিকিউটর ছিলেন লে. কর্ণেল তারিক ইমাম সিদ্দিকী। তিনি অবসর গ্রহন করায় মেজর মো. সুজাউল হক দায়িত্ব নেন। রায়ের পর মেজর সুজা জানান, বিচারক তার রায়ে আসামিদের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, চাকরির ক্ষেত্রে পদক বা কোনো স্বীকৃতি, আসামিদের সার্বিক অচরণ বিবেচনায় রাখেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানার ১১টিসহ সারা দেশে ৫৭টি মামলা হয়। পিলখানার ৫টি ছাড়া সব মামলার রায় হয়েছে। মোট ৫৭টি মামলার মধ্যে রায় হওয়া ৫২টি মামলার ৭৮ জন আসামি খালাস পেয়েছেন। এই ৫৭টি মামলার মোট আসামি ৬ হাজার ৪৫ জন। বিচারাধীন পাঁচটি মামলার আসামির সংখ্যা ২ হাজার ৬২২ জন। রায় হওয়া বাকি ৫২টি মামলার ৩ হাজার ৪২৩ জন আসামির মধ্যে ৩ হাজার ৩৪৫ জন বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ শুরু হয়, পরদিন ঘটে এর অবসান। পিলখানায় বিদ্রোহের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানেও জওয়ানরা বিদ্রোহ করে। রক্তক্ষয়ী এ বিদ্রোহে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরআরডি/এসইউ/এমআই/১৯২৫ ঘ.