মুন্সীগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়ার নতুন লঞ্চঘাটে বাস রাখার জায়গা না থাকায় শনিবার থেকে ঢাকা-মাওয়া রুটে ধর্মঘট শুরু করেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন।
লঞ্চ ঘাট স্থানান্তরের বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে এ রুটে চলাচলকারী বাস মালিক ও শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।
ধর্মঘটের ফলে ঢাকা-মাওয়া রুটে লোকাল বাসগুলো চলছে না।
ইলিশ পরিবহনের চেয়ারম্যান ও মাওয়াঘাট কল্যান সমিতির সভাপতি আলী আকবর জানান, যে স্থানে লঞ্চঘাট সরিয়ে নেওয়া হচ্ছে সেখান যাত্রীদের নিরাপত্তা থাকবে না। সেখানে বাস রাখার কোনো জায়গাও নেই। এসব কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
“লঞ্চঘাট পরিবর্তনের সময় আমাদের বলা হয়েছিল সমস্যাগুলোর সমাধান করা হবে। কিন্তু সমস্যা সমাধান না করেই শনিবার লঞ্চঘাটটি উদ্বোধন করা হয়। তাই আমরা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছি।”
সমস্যার সমাধান করা হলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান নতুন লঞ্চ ঘাটটি শনিবার সকালে উদ্বোধন করেন বলে মাওয়াঘাট বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১১১৭ ঘ.
bdnews24