নওগাঁ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধান কাটা নিয়ে সংঘর্ষে নওগাঁর মান্দা উপজেলায় তিনজন নিহত হয়েছেন।
চকগোপাল মাঠে শুক্রবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে জানান মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত মহারাম (৫০), মদন (৪০) ও ইলিয়ান (৩৮) নিয়ামতপুর উপজেলার পুঙ্গী গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক।
এছাড়া আহত শ্রীকৃষ্ণ (৪৫), আবুল কালাম আজাদসহ (৩২) অন্তত ১০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকগোপাল গ্রামের কৃষক আনোয়ার ও ডালিমের মধ্যে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিতে ধান রোপণ করেছিলেন আনোয়ার। কিন্তু শুক্রবার দুপুরে ডালিম একদল শ্রমিক নিয়ে ওই জমির ধান কাটতে গেলে দু’দলের সংঘর্ষ শুরু হয়।
এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে এলাকা জনশূন্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান গ্রামবাসী।
নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহামার-উজ-জামান, মান্দার সহকারী পুলিশ সুপার শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪১ ঘ.
bdnews24