ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করায় এক যুবককে আটক করেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী- এসএসএফ।
আতিকুল হক নামের ৩০ বছর বয়সী ওই যুবককে আটক করার পর এসএসএফ সদস্যরা তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে। পুলিশের ধারণা, সে মানসিকভাবে অসুস্থ।
থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে আতিক গণভবনের মূল ফটক দিয়ে ঢুকে পড়ে। এর পরপরই তাকে আটক করা হয়।
“জিজ্ঞাবাদে সে বলেছে- প্রধানমন্ত্রীকে সালাম দিতে সে গণভবনে ঢুকেছিল”, বলেন ওসি।
পাস ছাড়া কেন গণভবনে কেন ঢুকেছেন- এমন প্রশ্নের জবাবে আতিক পুলিশকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন- ‘কিসের পাস’।
গণভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। নিরাপত্তার খাতিরে সব সময় সবাইকে ঢোকার অনুমতি দেওয়া সম্ভব হয় না।
“নিরাপত্তায় নিয়োজিতরা আজকের দর্শনার্থীকে ভালোভাবে বুঝিয়ে গণভবনের অভ্যর্থনা কক্ষ থেকে ফেরত পাঠাতে অপারগ হয়েই পুশিলে সোপর্দ করেছে”, বলেন তিনি।
ওসি জাকির হোসেন মোল্লা বলেন, “আতিক মানসিকভাবে অসুস্থ বলেই আমাদের ধারণা। সে জানিয়েছে, তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়।
তাকে থানায় রেখে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউএম/জেকে/১৯৪০ ঘ.
bdnews24