২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি খুন১৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি

খুনি গ্রেপ্তারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে এক মাসের মতো কর্মসূচি পালনে বিরত থাকার পর আবারো আন্দোলনের ডাক দিয়েছেন সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনি গ্রেপ্তারের দাবিতে আগামী ১৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন। সংগঠনগুলোর পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। এর আগে খুনি গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসের ভিত্তিতে ৫ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেছিল সাংবাদিক সংগঠনগুলো। ওই সময় বলা হয়েছিল, ৫ মের মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে ৬ মে থেকে আবারো আন্দোলন শুরু করা হবে। তবে ৬ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাধারণ ছুটি থাকায় এদিন ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি’ স্থগিত করে আগামী ১৫ মে সকাল ১১টায় পালনের সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ওই কর্মসূচি থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন রুনির ভাই। কিন্তু দুই মাসের বেশি সময়েও এ হত্যাকাণ্ডে জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় গত ১৮ এপ্রিল মামলা তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়ার জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয় হাই কোর্ট। আদালতের আদেশে দায়িত্ব নেওয়ার পর ২৬ এপ্রিল ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার জন্য কবর থেকে সাগর-রুনির লাশ তোলে র‌্যাব। গত ০৮ এপ্রিল সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও তার একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় সাংবাদিক নেতাদের ‘চায়ের দাওয়াত’ দেন। সেখানে শিগগিরই সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, শামসুর রহমান, শেখ বেলাল ও দীপঙ্কর চক্রবর্তীসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্ত শুরুর আশ্বাস দেন মন্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতদিন পর্যন্ত সাগর-রুনির খুনি গ্রেপ্তার, সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্ত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা না হবে ততদিন সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে। ১৫ মের কর্মসূচি সফল করতে আগামী ১০ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নির্বাহী পরিষদের এক যৌথ সভার সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া ১৩ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে পত্রিকার সম্পাদক ও টেলিভিশন চ্যানেলের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। বিএফইউজের (সরকার সমর্থক) সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএফইউজে (সরকার বিরোধী) সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে (সরকার সমর্থক) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব (সরকার বিরোধী) এম আবদুল¬াহ, ডিইউজে (সরকার সমর্থক) সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ডিইউজে (সরকার বিরোধী) সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও অর্থ সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/২১৪৫ ঘ.