সাভার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি প্রতারণা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জসীম উদ্দিন (৩৫) নামের ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। জসীম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ঝাড়–দার বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জসিম চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে বুধবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তী উপজেলার আব্দুস সাত্তার নামে এক যুবক জসীমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। রাতেই জসীমকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24