২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি উত্তরের ঠিকানা মহাখালী

মহাখালী কাঁচাবাজার ভবনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী কাঁচাবাজার ভবনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাতে সভাপতিত্ব করেন। গত ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন করা হয়। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ভবনটি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। মহাখালী বাসস্ট্যান্ডের পাশে প্রায় সাত একর জমির ওপর বর্তমানে মহাখালী কাঁচাবাজার ভবন নির্মাণের কাজ চলছে। ৬৫ হাজার বর্গফুট আয়তনের এ ভবনের তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে সভায় জানানো হয়। এডিপি পর্যালোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দয়াগঞ্জ সুইপার কলোনি নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তদন্তে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয়, চলতি অর্থবছর এডিপিতে স্থানীয় সরকার বিভাগের ১৪২টি প্রকল্পে নয় হাজার ২৯৯ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গত মার্চ মাস পর্যন্ত পাঁচ হাজার ১৭৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এতে কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খানসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২০৩৫ ঘ.