২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ: আইন কার্যকরের উদ্যোগ নিতে নির্দেশ

আগামী ছয় মাসের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত খসড়া আইন কার্যকর করার জন্য উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ছয় মাসের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত খসড়া আইন কার্যকর করার জন্য উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিকল্পনা সচিব, পানি সচিব, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত। আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মো. শহিদুল ইসলাম শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। শহীদুল ইসলাম জানান, ২০০৯ সালের ২৫ মে বাংলাদেশের ১১টি জেলার ৬৪টি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আইলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। “বাংলাদেশে প্রায়ই এ ধরনের প্রাকৃতিক বিপর্যায় ঘটলেও এখানে দুর্যোগ ব্যবস্থাপনার কোনো আইন নেই। তাই সাধারণ মানুষের দুর্যোগ কমিয়ে আনতে সরকারি কর্মকর্তাদের কোনো দায় সুনির্দিষ্ট করা নেই।” তাই এ সংক্রান্ত আইন প্রণয়নে নির্দেশনা চেয়ে আদালতে রিট করলে ২০১০ সালের ১ অগাস্ট হাই কোর্ট রুল জারি করে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/২০১১ ঘ.