নাটোর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদরে রাস্তায় স্পিড ব্রেকারে সতর্ক চিহ্ন না থাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে জেলা কারাগারের সামনে এই দুর্ঘটনায় নিহত মুসলিমা খাতুন (৩৮) বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে মুসলিমা তার স্বামী মেহেদী হাসানের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে নাটোর তার বিদ্যালয়ে যাচ্ছিলেন।
মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুসলিমার স্বামী বড়াইগ্রাম কৃষি অফিসে কর্মরত মেহেদী হাসান জানান, তারা দু’জই প্রতিদিন মোটরসাইকেলে কর্মস্থলে যান।
গতকাল (বুধবার) নির্মাণ করা স্পিড ব্রেকারে রং না করায় তিনি দেখতে পাননি বলে এই দুর্ঘটনা ঘটে।
এজন্য তিনি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের দায়ী করেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24