চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিক্যাল কলেজ চালুর অনুমতি পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
বন্দর নগরীর কালুরঘাট স্যাটেলাইট টাউনে নিজস্ব জায়গায় এ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সিসিসি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই মেডিক্যাল কলেজে প্রতিবছর এমবিবিএস কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী কলেজ চালুর অনুমতিপত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি।
এই কলেজের শিক্ষার্থীরা সিসিসি পরিচালিত ৫০ শয্যার মেমন মাতৃসদন হাসপাতাল, ৫০ শয্যার সিসিসি জেনারেল হাসপাতাল, ২৫ শয্যার আলহাজ্ব মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, মোহরা মাতৃসদন হাসপাতাল, বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল, ওয়াইজ খাতুন মাতৃসদন হাসপাতাল ও নুরুল ইসলাম বিএসসি মাতৃসদন হাসপাতালে ব্যবহারিক শিক্ষা লাভের সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৭৫১ ঘ.
bdnews24