ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব ও আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন।
বিচারপতি খোন্দকার মূসা খালিদের একক হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তার জামিন অনুমোদন করেন।
হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বুধবার হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন খোকন। শুনানি শেষে ওই আদালত দ্বিধাবিভক্ত আদেশ দেয়।
ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আনোয়ার উল হক আসামিকে আগামী ৯ মে পর্যন্ত জামিন দিয়ে এই সময়ের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব খোকনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া জামিনের আবেদন খারিজ করে দেন।
দ্বিধা বিভক্ত এই আদেশের পর নিয়ম অনুযায়ী আবেদনটি প্রধান বিচারপতি কাছে যায়। পরে প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি খোন্দকার মূসা খালেদের একক বেঞ্চে পাঠান। মূসা খালেদ দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে একমত পোষণ করে আদেশ দেন।
আদালতে খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
মওদুদ সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে খোন্দকার মূসা খালেদ একমত পোষণ করেছেন। ফলে ৯ মে পর্যন্ত আগাম জামিনে থাকবেন খোকন।
হরতালের দুটি মামলায় খোকন ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছে। এর মধ্যে যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তারও হয়েছেন।
মওদুদ বলেন, “সুপ্রিম কোর্ট এখন অবরুদ্ধ। মাহবুব উদ্দিন খোকন আইনজীবী হওয়ার কারণে হাই কোর্টে আসতে পেরেছেন। অন্যদের আসতেও বাধা দেওয়া হয়েছে।”
“আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, দিন। কিন্তু আমরা বিচার চাইতে আদালতেও আসতে পারছি না। কোনো সভ্য দেশে এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই,” বলেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
সুপ্রিম কোর্ট ‘ঘেরাও’ করে রাখা র্যাব ও পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “অবরুদ্ধ অবস্থার কারণে বাকিরা আসতে পারছেন না। অবস্থা স্বাভাবিক হলে সোমবার তারা আদালতে আসবেন।”
“খোকন জামিন পেয়েছেন। এটা অত্যন্ত স্বাভাবিক যে অন্যরাও জামিন পাবেন। এখন প্রশ্ন হল, অন্যদের আসতে দেওয়া হবে কি-না,” বলেন তিনি।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭১২ ঘ.
bdnews24