২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি বিতর্ক: সেক্টর কমান্ডার্স ফোরাম ছাড়লেন হারুন

ডেসটিনি নিয়ে বিতর্ক ওঠার প্রেক্ষাপটে ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হারুন-অর রশীদ সেক্টর কমান্ডার্স ফোরামের সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি নিয়ে বিতর্ক ওঠার প্রেক্ষাপটে ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হারুন-অর রশীদ সেক্টর কমান্ডার্স ফোরামের সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সাবেক সেনাপ্রধান হারুন-অর রশীদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেসটিনি নিয়ে বিতর্ক ওঠায় সেক্টর কমান্ডার্স ফোরামের ‘ভাবমূর্তি রক্ষায়’ তিনি অব্যাহতি নিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গড়ে ওঠা সেক্টর কমান্ডার্স ফোরামে শুরু থেকেই সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের উদ্যোগে গড়া এই সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। অবৈধ ব্যাংকিংয়ে জড়িত সন্দেহে তদন্তাধীন প্রতিষ্ঠান ডেসটিনির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল হারুন। ডেসটিনি গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য হারুন গত ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বিফল হন। এর তিন দিনের মধ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের দায়িত্ব ছাড়লেন তিনি। হারুন-অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে ডেসটিনির সঙ্গে আমার সম্পর্ককে জড়িয়ে কিছু বিভ্রান্তমূলক খবর প্রচার হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরামের পরিচয়কে কাজে লাগিয়ে আমি ডেসটিনির জন্য সুবিধা আদায় করেছি বলে সেগুলোতে বলা হয়েছে। “আমি চাই না, আমার জন্য সেক্টর কমান্ডার্স ফোরামের ভাবমূর্তি ক্ষুন্ন হোক। তাই আমি সেখান থেকে পদত্যাগ করেছি।” কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদনে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে ব্যাংকিং চালানোসহ বিভিন্ন অভিযোগ উঠেছে, যার ভিত্তিতে কয়েকটি সংবাদপত্রে ধারাবাহিক প্রতিবেদন ছাপানো হয়। এছাড়া ডেসটিনি টুথাউজেন্ডের মাল্টিলেভেল মার্কেটিং নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগ আসায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ডেসটিনির কার্যক্রম খতিয়ে দেখতে বলেছে। এছাড়া ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও তার স্ত্রীসহ প্রতিষ্ঠানের শীর্ষ পাঁচ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২৩৪৫ ঘ.