২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় জসিম উদ্দিন হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নেত্রকোনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় জসিম উদ্দিন হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্যাহ বুধবার ৯ আসামির উপস্থিতিতে এ রায় দেন। আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কচুডোয়ারী গ্রামের আশরাফুল ওরফে বাদশা, মোজাম্মেল হক, কাদের গণি, আব্দুল বারেক, আল আমিন, শিল্পী মিয়া, শরীফুল, রুক্কু মিয়া, মোস্তফা ও জজ মিয়া। এদের মধ্যে বাদশা পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার প্রধান আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেনসহ ১২ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এছাড়া দুই আসামি মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালের ১৩ মে সদর উপজেলার কচুডোয়ারী গ্রামের জসিম উদ্দিন স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলকান্দি সেতুর কাছে তাকে কুপিয়ে জখম করে আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় জসিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান। পরদিন ২৬ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন জসিমের বাবা আব্দুল আজিজ তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭১৮ ঘ.