২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা-গোমতি সেতু মেরামতের প্রস্তাব সেনাবাহিনীকে

সেনাবাহিনী মেরামতের কাজ করলে অতি দ্রুত তা শেষ হবে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দির মেঘনা-গোমতি সেতু ‘জরুরি ভিত্তিতে’ মেরামতের জন্য সেনাবাহিনীকে প্রস্তাব পাঠিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেঘনা ও গোমতি সেতু মেরামত বিষয়ক এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “সাত দিনের মধ্যে সেনাবাহিনী এ বিষয়ে তাদের অবস্থান জানাবে বলে আমাদের জানিয়েছেন।” বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সহায়তায় এ সেতু দুটি মেরামতের জন্য একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রতিবেদনে বলা হয়েছে, সেতু দুটি অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা অতি দ্রুত সেতু দুটি মেরামতের জন্য সুপারিশ করেছে।” সেনাবাহিনী এই মেরামতের কাজ করলে তা দ্রুত সম্পন্ন হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, সেনাবাহিনী ইতিবাচক সাড়া দিলে ১৫ দিনের মধ্যে মেরামতের কাজ শুরু করা হবে। আর সেনাবাহিনী আগ্রহী না হলে সড়ক ও জনপথ বিভাগই জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করবে বলে যোগাযোগ মন্ত্রী জানান। মেঘনা ও গোমতি সেতুর জরুরি মেরামতে (এক্সপানশন জয়েন্ট ও বিয়ারিং পরিবর্তন) নয় দিন সময় লাগবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ জন্য প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হবে। “মেরামতের দিনগুলোতে সেতু দুটি প্রতিদিন ৯ ঘণ্টা করে বন্ধ থাকবে। এ সময়ে বিকল্প রাস্তা ও ফেরির ব্যবস্থা করা হবে। ” এ দুটি সেতুর নাজুক অবস্থার জন্য ‘গত ১১ বছরে’ সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবকে দায়ী করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৫৪৫ ঘ.