২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষার্থীদের অনশনে শিক্ষকরাও

উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশনে যোগ দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশনে যোগ দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরাও। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সম্পাদক শাকিলা শারমিনের নেতৃত্বে মঙ্গলবার জোট সদস্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা অনশন শুরুর পর রাতে উপাচার্য বাসভবনের সামনে অনশনস্থলেই কাটান তারা। বুধবার সকাল ১১টার দিকে তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে অনশনে যোগ দেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোমা মুমতাজ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা সুলতানা। শাকিলা শারমিনের নেতৃত্বে বেলা ১২টায় প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ‘পদত্যাগ’ ‘পদত্যাগ’ শ্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভ মিছিল। এরপর দুপুর ১টার দিকে জ্ঞান হারিয়ে ফেলেন অনশনকারী শিক্ষার্থী রাসেল রানা। তাকে অ্যাম্বুলেন্সযোগে সাভারে গণস্বাস্থ্যনগর হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্মী রাসেল বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার অনশন শুরুর আগে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা। তারা বলেন- ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটে যাওয়া অন্যায় অপকর্ম-অনিয়ম-দুর্নীতি ও সন্ত্রাসের মদদদাতা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চলবে।’ অন্যান্য দিনের মত বুধবারও উপাচার্যপন্থী ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত শেখ শরীফ উদ্দিন ও আশরাফুজ্জামান লিটনের নেতৃত্বে উপাচার্য ভবনের সামনে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী খুশি কবির, সাপ্তাহিক একতা সম্পাদক কে এম রাশেদা, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ সাবেক শিক্ষক ও কলাম লেখক রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক গীতি আরা নাসরিন, কণ্ঠশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম, অভিনেত্রী বন্যা মির্জা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। এছাড়া মুঠোফোনে সংহতি জানান- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, ব্যারিস্টার সারা হোসেন, নাট্যকার মামুনুর রশীদ, শম্পা রেজা, মুক্তিযোদ্ধা ফেরদৌসি প্রিয়ভাষিণী, লেখক সলিমুল্লাহ খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেওতি সবুর, বাংলার পাঠশালার আহমেদ জাবেদ রনি ও উদীচী’র সংগীতা ইসলাম। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট বুধবার নিজেদের ক্যাম্পাসে একটি মৌন মিছিল করে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে। ১১ দফা দাবিতে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’র নেতা কর্মীদের আন্দোলন চলাকালে গত শনিবার তাদের মারধর করে উপাচার্যপন্থী ছাত্রলীগের নেতারা। এতে সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ ও সহসভাপতি মঈন মুনতাসিরসহ ৭ জন আহত হন। ওই ঘটনায় গত রোববার দুপুরে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’র ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরপর সংবাদ সম্মেলন করে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে এবং হামলাকারী ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তার ও বহিষ্কার দাবি করে। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যায় ‘শিক্ষক সমাজ’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/আরএ/১৪৫৩ ঘ.