চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরের বিআরটিসি মোড়ে কভার্ড ভ্যান চাপায় রেলওয়ের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার বিআরটিসি’র মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাকির হোসেন (২৪) বটতলী রেল স্টেশনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এসআই জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মস্থল বটতলী রেল স্টেশন থেকে বাসায় ফিরছিলেন জাকির। পথে বিআরটিসি মোড়ে একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা জহিরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১৭২৬ ঘ.
bdnews24