গাজীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার অনুপম আশরাফ সুপার মার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু জাফর আহমেদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে পোশাক, মোনোহাররি, ইলকট্রনিক্স, জুতাসহ বিভিন্ন পণ্যের শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানান জাফর। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির কারণ তিনি জানাতে পারেননি।
ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, স্থানীয় কিছু মাদকসেবী মার্কেটের পেছনে আখড়া বসানোর চেষ্টা করায় তারা বাধা দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে গত কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে কেউ নাশকতা ঘটিয়ে থাকতে পারে বলেও দোকান মালিকরা সন্দেহ করছেন।
জয়দেবপুর থানার এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে নাশকতার কোনো তথ্য নেই। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪২ ঘ.
bdnews24