২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের প্রতিবেদন: ইলিয়াসের গাড়ি পরীক্ষা হয়েছে

‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়িটি বাংলাদেশ সড়ক পরিবহন র্কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়িটি বাংলাদেশ সড়ক পরিবহন র্কর্তৃপক্ষের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইলিয়াসের সাবেক ও বর্তমান রাজনৈতিক সহকর্মীদের কয়েকজনকেও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে তারা। সাবেক এই বিএনপি সাংসদের স্ত্রীর দায়ের করা একটি জিডির প্রেক্ষিতে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ মেনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেন। তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক কাজী মাঈনুল ইসলাম রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে তিনি আবার জিডির বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দাখিল করবেন। ১৯ এপ্রিল তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিডির বিষয়টি ঢাকার মুখ্য মহানগর হাকম মনিরুজ্জামানের গোচরে আনলে তিনি ৪৮ ঘন্টা পর পর তদন্তের অগ্রগতি জানানোর আদেশ দিয়ে আদেশের কপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর পাঠিয়ে দেন। ১৭ এপ্রিল রাতে বনানী থানা পুলিশ ইলিয়াস আলীর পরিত্যক্ত গাড়ি উদ্ধার করে। সেই সময় থেকেই ইলিয়াস নিখোঁজ রয়েছেন বলে তার আত্মীয় ও রাজনেতিক সহযোগীরা জানিয়েছেন। তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা গত ১৯ এপ্রিল সকালে হাইকোর্টে তার স্বামীর নিখোঁজর বিষয়ে একটি আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/২২১২ ঘ.