জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য কার্যালয় ও বাসভবন ঘেরাও করা যাবে না- এই সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
আন্দোলনরত শিক্ষকদের ঘেরাওয়ের মধ্যেই শুক্রবার উপাচার্য ভবনে উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে জরুরি ওই সিন্ডিকেট সভায় আগামী ৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরুর সিদ্ধান্তও হয়েছে। মাসব্যাপী ছুটি শেষে ৪ জুন বিশ্ববিদ্যালয় খুলবে।
একই সঙ্গে আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত অফিস ছুটি থাকবে। তবে গ্রীষ্মকালীন ছুটিতে পরীক্ষা চলবে। খোলা থাকবে আবাসিক হলগুলো।
এছাড়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছেন নিবন্ধক।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ওই কমিটির অন্য দুই সদস্য হলে ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মনজুরুল হক এবং আইন ও বিচার বিভাগের অধ্যাপক মো. শাহাবুদ্দিন।
দুই শিক্ষকের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে গত বুধবার সন্ধ্যায় থানায় মামলা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি আলী আকন্দ। এরপর ওই রাতেই গ্রেপ্তার করা হয় উপাচার্যবিরোধী আন্দোলনে যুক্ত অধ্যাপক তালিম হোসেন ও সহযোগী অধ্যাপক মো. নূহ আলমকে।
তাদের গ্রেপ্তারের পর শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা বৃহস্পতিবার রাত থেকে উপাচার্যের বাসভবন ভবন ঘিরে রাখে। শুক্রবার সকাল থেকে প্রশাসনিক ভবনও ঘিরে রাখে। এর মধ্যেই বসে সিন্ডিকেট সভা।
উপাচার্যপন্থী হিসাবে পরিচিত শিক্ষকরা শুক্রবার বেলা ১১টার দিকে উপাচার্য ভবনের পেছনের ফটকে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।
দুই পক্ষ দুই দিকে অবস্থান নেওয়ায় সকাল থেকে ক্যাম্পাসে প্রায় তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। তাদের একটি বড় অংশ অবস্থান নেন শিক্ষকদের দুই পক্ষের মাঝামাঝি স্থানে।
শিক্ষক সমাজের আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেছনের দরজা দিয়ে উপাচার্যকে মুক্ত করার প্রক্রিয়া কতদিন বহাল রাখা যাবে, সেটি ভাবনার বিষয়। পুলিশ বসিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়।”
আন্দোলনরত শিক্ষকদের ঘেরাওয়ের কারণে বেশ কিছুদিন ধরে নিজের কার্যালয়ে অফিস করছিলেন না অধ্যাপক শরীফ এনামুল কবির।
অন্যদিকে অর্থনীতি বিভাগের সভাপতি ও উপাচার্যপন্থী শিক্ষকদের নেতা অধ্যাপক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের চলাচল নির্বিঘœ করতেই তারা পেছনের ফটকে অবস্থান নিয়েছেন।”
এদিকে বেলা সোয়া ১১টার দিকে ‘উপাচার্যপন্থী ছাত্রলীগ’ নেতা হিসেবে পরিচিত শেখ শরীফুল ইসলাম, আশরাফুজ্জামান লিটন, মেহেদী হাসান সম্রাট ও সাইফুল ইসলাম শাকিলের নেতৃত্বে একটি মিছিল প্রশাসনিক ভবনের সামনে এসে পুলিশের উপস্থিতিতেই শিক্ষক সমাজের ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ ভেঙে ফেলে। এ সময় বেশ কিছু ব্যনার ও ফেস্টুনও পুড়িয়ে দেয় তারা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে।”
গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে এক প্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যায় ‘শিক্ষক সমাজ’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১১৪৯ ঘ.
bdnews24