ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার কেরানীগঞ্জে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে এক শিশু নিহত ও তিন জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা গ্রামে এ ঘটনায় নিহত শিশুর নাম শারমিন আক্তার (১২)। সে স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ত।
শারমিনের মা মাফিয়া বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই সময় পাশের বাড়ির ইকবাল ও সিরাজের নেতৃত্বে ১০/১২ জন যুবক তাদের বাড়িতে হামলা করে ভাংচুর ও গোলাগুলি শুরু করলে শারমিন গুলিতে আহত হয়।
বিকাল সাড়ে ৫টার দিকে শারমিনকে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত শামীম, স্বপন ও বাতেনকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বছর আগে শারমিনের চাচা দিদার হোসেন খুন হন। এতে পাশের বাড়ির ইকবাল ও সিরাজকে আসামি করে মামলা হয়। বর্তমানে তারা জামিনে রয়েছেন।
দিদার হত্যাকাণ্ডের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে উল্লেখ করে ওসি জানান। তবে শারমিন গুলিতে নিহত হয়েছেন কি না, তা তিনি নিশ্চিত নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/০০৩৪ ঘ.
bdnews24