নূরুল ইসলাম হাসিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারের অভাব না থাকলেও মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে না ওঠায় অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে আশানুরূপ ফল আসছে না বলে এক সমীক্ষায় দেখা গেছে।
জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষা ২০১১ (বিডিএইচএস)-এ দেখা যায়, ধনী পরিবারের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রতি চার জনে এক জনের অপুষ্টির কারণে যথাযথ বৃদ্ধি হচ্ছে না। সবচেয়ে বিত্তশালীদের পরের শ্রেণীর মধ্যে অপুষ্টির কারণে শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়ার এ হার ৩৬ শতাংশ।
এ বিষয়ে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র’ বাংলাদেশের (আইসিডিডিআর’বি) পুষ্টি কর্মসূচির পরিচালক তাহমিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু প্রাচুর্যই অপুষ্টি দূর করতে পারবে না। শিশুদের কী খাওয়াতে হবে, সে বিষয়ে সচেতন হতে হবে।”
স্বাস্থ্যবিধি অনুযায়ী শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ এবং তারপর থেকে মায়ের দুধের পাশাপাশি আমিষ ও সব্জিসহ ঘরে তৈরি খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলেন, শিশুর জীবনের প্রথম দুই বছর খুবই গুরুত্বপূর্ণ-এটা সম্ভবনার জানালা। “এটা বন্ধ হয়ে গেলে ক্ষতি পোষানোর জন্য তা অনেক দেরি হয়ে যায়,” বলেন ট্রেইনিং অ্যান্ড অ্যাসিসট্যান্স ফর হেলথ অ্যান্ড নিউট্রিশনের চেয়ারপার্সন ডা. রুখসানা হায়দার।
তিনি বলেন, অপুষ্টির কারণে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি কমানোর শ্রেষ্ঠ সময় তার দুই বছর বয়স পর্যন্ত।
জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে মাত্র ২১ শতাংশ পরিবার দুই বছরের কম বয়সী শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে যথযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে। আর অপুষ্টির কারণে ৪১ শতাংশ শিশু তাদের বয়সের তুলনায় খাটো থাকে এবং ৩৬ শতাংশের ওজন থাকে কম।
বিত্তবানদের মধ্যে দুই বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে মাত্র ৩০ শতাংশের খাদ্যাভ্যাস যথযথ হয়।
জাতীয় পুষ্টি সার্ভিসেসের (এনএনএস) কর্মসূচি ব্যবস্থাপক ডা. এসএম মুস্তাফিজুর রহমানের মতে, “কেউ না শেখালে পুষ্টি সম্পর্কে ধনী ও দরিদ্রদের একই ধরনের জ্ঞান থাকে। পুষ্টির গুরুত্ব বুঝে নয়, স্বাদের কথা মাথায় রেখে আমরা খাই।”
এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য সরকার একটি প্রচারাভিযানের পাশাপাশি স্কুলে পুষ্টি বিষয়ক শিক্ষা কর্মসূচি শুরু করবে বলে জানান তিনি।
“দীর্ঘমেয়াদে পরিপুষ্ট শিশুর বৃদ্ধি এবং তারা যাতে কর্মক্ষেত্রে যোগ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে সহযোগিতা করতে পারে সেজন্য পুষ্টি খাতে আমাদের বিনিয়োগ করতে হবে,” বলেন মুস্তাফিজুর।
সেন্টার ফর ওম্যান অ্যান্ড চিলড্রেনের জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ ডা. খুরশিদ তালুকদার বলেন, যথাযথ খাদ্যাভ্যাস অনুসরণ করা হলে দুই বছরের কর্ম বয়সী শিশুরা সাধারণ রোগ-ব্যধিতে আক্রান্ত হবে না।
শিশুদের কীভাবে বুকের দুধ খাওয়াতে হয় এবং ছয় মাসের পর তাদের কোনো ধরনের খাবার দিতে হয় সে বিষয়ে পরিবারগুলোর মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে তিনি মনে করেন।
“প্রথমদিকে, তারা চালজাত কোনো খাবার দেয়। অল্প কিছু সংখ্যক শিশু ডিম, মাংস ও মাছের মতো আমিষ পায়, যা তাদের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, শক্তি এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় উচ্চ গুণাগুণ সম্পন্ন আমিষ সরবরাহ করে।”
“শিশুদের কী খাওয়াতে হবে তা নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেক বাবা-মা আমাদের কাছে জানতে চান, তাদের এক বছরের শিশুকে মাছ ও মাংস দেবেন কি না,” বলে তালুকদার।
তিনি বলেন, “তারা যখন এ বিষয়ে জানতে ততক্ষণে শিশুর জন্য দেরি হয়ে যায়।”
সমীক্ষার বরাত দিয়ে ড. তালুকদার বলেন, সাত মাস বয়সে মাত্র ১০ শতাংশ শিশু প্রাণিজ আমিষ পায়। কিন্তু একই আর্থ-সামাজিক বাস্তবতার পরিবারগুলোতে দুই বা তিন বছরের শিশুদের মধ্যে প্রাণিজ আমিষ গ্রহণের এ হার ৭৫ শতাংশ।
“তাই অর্থনৈতিক অবস্থায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না।”
ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেটের ভাষ্য অনুযায়ী, শিশুর ছয় মাস বয়স পর্যন্ত বেশি করে মায়ের বুকের দুধ খাওয়ানো এবং যথা সময়ে পুষ্টিকর অতিরিক্ত খাবার দেওয়া হলে শিশুর খাটো হওয়ার প্রবণতা এক তৃতীয়াংশ এবং ৩৬ মাস বয়সী শিশুর মৃত্যু এক চতুর্থাংশ কমিয়ে আনা যায়।
পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করলেও এখনো বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক অপুষ্ট শিশু রয়েছে এদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/০০২৫ ঘ.
bdnews24