২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে ‘বিনা শর্তে’ ফেরত দেওয়ার দাবি শাশুড়ির

এম ইলিয়াস আলীকে ‘বিনা শর্তে’ তার স্ত্রী সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ‘নিখোঁজ’ এই বিএনপি নেতার শাশুড়ি মাহফুজা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

মাগুরা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীকে ‘বিনা শর্তে’ তার স্ত্রী সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ‘নিখোঁজ’ এই বিএনপি নেতার শাশুড়ি মাহফুজা খাতুন। শুক্রবার মাগুরা জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদের পারনান্দুয়ালীর বাসায় সংবাদ সম্মেলন করে মাহফুজা খাতুন বলেন, “ইলিয়াসের স্ত্রী তাহমিনা রুশদীর লুনা আমার মেজো মেয়ে। তাদের তিনটি নাবালক সন্তান রয়েছে। আবরার ইলিয়াস, লাবিব শাহারা, সাইয়ারা নাউয়ালের ভবিষ্যত নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।” “আমরা কী করব, কোথায় যাব- বুঝে উঠতে পারছি না। আমাদের এই আকুতি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতেই আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি”, বলেন তিনি। সংবাদ সম্মেলনে বার বার কান্নায় ভেঙে পড়েন বিধবা মাহফুজা খাতুন। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। পুলিশ ওই রাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর গত ১০ দিনে র‌্যাব পূবাইল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এই বিএনপি নেতার ‘সন্ধান’ পায়নি। ইলিয়াসকে ‘গুমের’ অভিযোগে রোববার থেকে পরপর তিন দিন সারা দেশে হরতাল করে বিএনপি। এই হরতাল চলাকালে মাগুরায় যানবাহন ভাংচুরের ঘটনায় একটি মামলায় ইলিয়াসের শ্যালক আনজুম হাসান সুমনকে আসামি করা হয়। সুমন ভাংচুরে জড়িত নয় দাবি করে ওই ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান তার মা মাহফুজা খাতুন। কবীর মুরাদ ছাড়াও জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শেলী, যুবদল নেতা আবু সাইদ আল মামুন ও ইলিয়াসের শ্যালক আঞ্জুম হাসান সুমন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/জেকে/১৪২৪ ঘ.