ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল সীমান্ত দিয়ে ফলের ঝুড়িতে করে ভারত থেকে পাচার করে আনা ১৫৫টি কচ্ছপ আটক করেছে বনবিভাগ।
বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) ড. তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক কচ্ছপগুলোর মধ্যে ৮৭টি শিলা কচ্ছপ (
Melanochelys tricarinata
) এবং ৬৮টি কালি কাইট্টা (
Melanochelys trijuga
) প্রজাতির।
তিনি জানান, বৃহস্পতিবার কোনো এক সময়ে পাচারকারীরা বেনাপোল সীমান্ত দিয়ে ফলের ঝুড়িতে করে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে কচ্ছপগুলো। সীমান্ত এলাকা থেকে কভার্ড ভ্যানে করে সেগুলো নিয়ে যাওয়া হয় যশোর শহরের জুম-জুম এলাকায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে।
কচ্ছপ পাচারের খবর পেয়ে বিজিবি যশোর ব্যাটালিয়ান ও বন বিভাগের লোকজন কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। সেখানেই তিনটি ঝুড়িতে বিরল প্রজাতির প্রাণীগুলো পাওয়া যায়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায় বলে তপন কুমার জানান।
তিনি বলেন, যশোর থেকে কচ্ছপ বোঝাই কার্টনগুলো তাৎক্ষণিকভাবে ঢাকায় বন ভবনে নিয়ে আসা হয়।
এর আগে গত ১৭ এপ্রিল ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কচ্ছপের আরেকটি চালান আটক করা হয়। দুই ঘটনার পেছনেই একই পাচারকারী দল কাজ করছে বলে বিন বিভাগের কর্মকর্তাদের ধারণা।
তপন বলেন, “এরা ভারত থেকে বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশে নিয়ে আসে। এরপর সেগুলো পাচার করা হয় থাইল্যান্ড, তাইওয়ান বা চীনে।”
এই বন কর্মকর্তা জানান, শিলা কচ্ছপ ও কালি কাইট্টা বাংলাদেশে ‘বিপদাপন্ন প্রজাতির’ তালিকায় রয়েছে। এই দুই জাতের কচ্ছপ বেশি দেখা যায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার পাহাড়ি এলাকায়।
মাঝারি আকৃতির এই কচ্ছপগুলোর ওজন হয়ে থাকে এক থেকে দেড় কেজির মধ্যে। সাধারণত লতা-পাতা, ঘাস, কচুরিপানা, ফল, জলজ গাছ ও শ্যাওলা খেয়েই বেঁচে থাকে এরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২১০ ঘ.
bdnews24