২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুম: নিরপেক্ষ তদন্ত দাবি এইচআরডব্লিউর

বিরোধীদলীয় নেতাকর্মীদের ‘একের পর এক উধাও’ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 05:04 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতাসহ রাজনৈতিক কর্মীদের ‘একের পর এক উধাও’ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ‘নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্তের দাবি জানিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। নিউ ইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুক্রবার এক বিবৃতিতে বলেছে, এম ইলিয়াস আলীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলী। পুলিশ ওই রাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ইলিয়াসের সঙ্গে নিখোঁজ হন তার গাড়ির চালক আনসারও। এরপর গত ১০ দিনে র‌্যাব পূবাইল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এই বিএনপি নেতার ‘সন্ধান’ পায়নি। সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে- এমন অভিযোগ এনে গত রোববার থেকে টানা তিনদিন সারাদেশে হরতাল করেছে বিএনপি। শনিবারের মধ্যে তাকে পাওয়া না গেলে নতুন করে হরতালের ইংগিতও এসেছে বিরোধী দলীয় নেতাদের কাছ থেকে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, “সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে বিরোধীদলীয় নেতা ও রাজনৈতিক কর্মীদের নিখোঁজ ওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ইলিয়াস আলীর অন্তর্ধানও এমনই একটি ঘটনা।” এর আগে গত ৪ এপ্রিল শ্রমিক নেতা আমিনুল হকের ‘নিখোঁজ’ বা ‘গুম’ হওয়ার ঘটনায়ও উদ্বেগ জানিয়েছিল এইচআরডব্লিউ। তাদের বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়েছে, কেবল ২০১২ সালেই অন্তত ১২ জন এভাবে ‘নিখোঁজ’ হয়েছেন। বাংলাদেশের আরেক মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী, ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত ‘গুম’ হয়েছেন অন্তত ৫০ জন। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, “এই যে ক্রমবর্ধমান নিখোঁজ হওয়ার ঘটনা, বিশেষ করে বিরোধীদলীয় সদস্যদের উধাও হয়ে যাওয়া- এর গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন।” “সরকার এ পর্যন্ত ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাগুলোর তদন্তে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ ধরনের ঘটনা বন্ধেরও কোনো পদক্ষেপ দেখা যায়নি”, যোগ করেন তিনি। এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তবে তিনি এও বলেছেন যে, সরকারের বিরুদ্ধে ‘আন্দোলনের ইস্যু’ তৈরি করতে দলের নির্দেশেই ইলিয়াস লুকিয়ে আছেন বলে তিনি মনে করেন। “শেখ হাসিনার সরকার বহুবার প্রতিশ্র“তি দিয়েছে- নির্যাতনের সংস্কৃতি বন্ধ করে সুবিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। কিন্তু এরপরও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের সব অভিযোগই সরকার ক্রমাগতভাবে অস্বীকার বা উপেক্ষা করে আসছে। আর এ কারণেই জরুরি ভিত্তিতে ‘নিখোঁজ হওয়ার’ সব ঘটনার স্বাধীন তদন্ত প্রয়োজন”, বলেন অ্যাডামস। বিরোধী দলের হরতালের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর ‘অত্যাধিক শক্তিপ্রয়োগের’ ঘটনাতেও উদ্বোগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ। ২১ এপ্রিল ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ দুইজন নিহত ও শতাধিক আহতও হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এ মানবাধিকার সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৫৫ ঘ.