ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার সংবর্ধনা দেওয়া হবে আগামী ২৮ এপ্রিল।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সংবর্ধনা দেবে ‘সমুদ্র জয় উদযাপন নাগরিক কমিটি’। এর আগে গত ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ‘যুব সংগ্রাম পরিষদ’।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমিটি। তারা রায়ের ঘটনাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেয়।
শনিবারের সম্বর্ধনায় বিশিষ্টজনদের বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ এবং সংগীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয়। এতে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হওয়ায় একে ‘সমুদ্রজয়’ বলে আখ্যায়িত করছে ক্ষমতাসীন দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৯৩০ ঘ.
bdnews24