নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি নিষিদ্ধ পলিথিনের দোকান ও নকল পানীয় তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে শহরের দেওভোগ নাগবাড়ি এলাকায় আজাদ স্টোর নামে একটি দোকানে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন ও ৪০ বস্তা পলিদানা উদ্ধার করা হয়।
পরে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
এ ছাড়া বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কোতালের বাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল অ্যানার্জি ড্রিংকস, বোতল, মেশিনারিজ উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, কারখানার মালিক আবদুল কাদিরকে আটক করলে সে প্রতারণার কথা স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত কাদিরকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করে।
একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৫৯ ঘ.
bdnews24