২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ২

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মাগুরায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

মাগুরা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মাগুরায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে জেলা বিএনপি মিছিল শেষে শহরের ভায়না মোড় খাজুরা বাস স্ট্যান্ডে সমাবেশ করে। এ সময় সেখানে উপস্থিত পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়া হয়েছে বলেও জানান তিনি। ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় বিএনপিকর্মীরা ফের পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ছাত্রদলকর্মী জসিম উদ্দিন ও সুমন। অবশ্য মাগুরা জেলা বিএনপির নেতা ফারুকুজ্জামান ফারুক অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে পুলিশ দুই কর্মীকে ধরে নিয়ে গেছে। গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়া আলী। পুলিশ ওই রাতে তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ইলিয়াসের গাড়ি চালক আনসারও তখন থেকে নিখোঁজ রয়েছেন। সরকারের বাহিনীই ইলিয়াসকে ‘গুম’ করেছে এমন অভিযোগ এনে গত রোববার থেকে টানা তিনদিন সারাদেশে হরতাল করে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইলিয়াসকে উদ্ধারের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন ওই সময়ের মধ্যে তার সন্ধান না মিললে নতুন কর্মসূচি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭২৯ ঘ.