২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন আমিরা হক

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের আমিরা হক, যিনি পূর্ব তিমুরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 04:07 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নিউ ইয়র্ক, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের আমিরা হক, যিনি পূর্ব তিমুরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বুধবার আমিরা হকসহ মোট তিনজনকে এই পদে নিয়োগ দেন বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদের মধ্যে আমিরা জাতিসংঘের ‘ফিল্ড সাপোর্ট’ বিভাগের দায়িত্বে থাকবেন। এছাড়া জাপানের ইয়োকিইয়ো টাকাসু ব্যবস্থাপনা বিভাগে এবং কেনিয়ার ডেভিড মুচকি কানজাকে সহকারী মহাসচিব (ইন্টারনাল ওভারাসাইট সার্ভিস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং সাবেক রাষ্ট্রদূত আনোয়ার-উল করিম চৌধুরীও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই সন্তানের জননী আমিরা হক জাতিসংঘে কাজ করছেন দীর্ঘ ৩৭ বছর ধরে। এর মধ্যে ১৯ বছরই তার কেটেছে বিভিন্ন দেশে জাতিসংঘের বিশেষ দায়িত্ব নিয়ে। ২০০৯ সালে গোলোযোগপূর্ণ পূর্ব তিমুরে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান আমিরা। সম্প্রতি সেখানে শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমিরার নতুন দায়িত্ব পাওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, “আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের কর্মদক্ষতার এটি একটি বড় স্বীকৃতি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫৫ ঘ.