চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড ছুড়ে স্ত্রীকে হত্যার দায়ে চট্টগ্রামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ গোলাম সারোয়ার বুধবার আসামি সায়েদুর রহমান ওরফে দিলালকে এ দণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি অশোক কুমার দাশ জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি শাহ আলমকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সায়েদুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।”
সায়েদুর বর্তমানে কারাগারে আটক আছেন বলে জানান তিনি।
অশোক কুমার জানান, ২০১০ সালের ২৭ মে চট্টগ্রামের বায়েজিদ থানার চক্রেসো কানন আবাসিক এলাকার সারোয়ার কলোনির বাসিন্দা সায়েদুরের স্ত্রী ফরিদা বেগমকে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় সায়েদুরকে প্রধান আসামি করে এসিড আইনে বায়েজিদ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গত ২৭ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২৩৫৬ ঘ.
bdnews24