ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দারের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।
তার এ চুক্তির মেয়াদ বৃদ্ধি গত ৬ এপ্রিল অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
রশীদ হায়দার গত বছরের এপ্রিল মাস থেকে যুগ্ম-সচিবের পদমর্যাদায় ওই পদে চুক্তিতে নিয়োজিত রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ চুক্তি বাড়ানো হয়।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার একটি চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং কয়েকটি পদায়নের আদেশ বাতিল করেছে।
২০১১ সালের ৬ মার্চ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) মহাব্যবস্থাপক পদে চুক্তিতে থাকা মর্তুজা আহমেদ ফারুকের চুক্তির মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। এ মেয়াদ বাড়ানো আদেশ ৬ মার্চ অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোমিন হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বাহিনীতে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
উপসচিব পদে পদোন্নতি পাওয়া সমবায় ক্যাডারের তিন কর্মকর্তাকে সমবায় অধিদপ্তরের বিভিন্ন পদ থেকে প্রত্যাহার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি পদোন্নতি পাওয়া এই তিন কর্মকর্তাকে পদোন্নতির পর তাদের আগের পদেই প্রেষণে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল। ওই আদেশটি বাতিল করা হয়েছে।
কর্মকর্তারা হলেন- সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জি এন নজমুল হোসেন খান এবং যুগ্ম-নিবন্ধক কাজী নজরুল ইসলাম ও মো. শোয়েব।
উপসচিব পদে পদোন্নতি পাওয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-পরিচালক এ কে এম আহাদ আলী খানকে ওএসডি করা হয়েছে। এর আগে তাকে পদোন্নতির পূর্বপদে বহাল রাখার আদেশটি বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিটের (সিএমএমইউ) প্রধান প্রকৌশলী পদে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর রাজ্জাককেই বহাল রাখা হয়েছে। ওই পদে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মজিবুর রহমানকে প্রেষণে নিয়োগের আদেশও বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24