২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈকতে ডেসটিনির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

কক্সবাজার সৈকতে ডেসটিনির ভবন নির্মাণ কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সৈকতে ডেসটিনির ভবন নির্মাণ কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক রিট আবেদনে বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। সংগঠনটির অভিযোগ ছিল, নিষেধাজ্ঞার পরও সৈকতে ভবন নির্মাণ করছে ডেসটিনি গ্রুপ। কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মেয়র ও সদর থানার এই ওসিকে এ আদেশ বাস্তবায়ন করে ৬ মের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া পরিবেশ রক্ষায় প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রসহ আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ রক্ষায় কক্সবাজার সৈকত এলাকায় স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও ডেসটিনি গ্রুপ সেখানে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে ওই আবেদনটি দায়ের করা হয় বলে জানান মনজিল। ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে ব্যাংকিং চালানোসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তাদের কার্যক্রম খতিয়ে দেখতে বলেছে সংসদীয় কমিটিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এমআই/১৮৩৬ ঘ.