২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকূপায় ইজারার জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭০

ঝিনাইদহের শৈলকূপায় ইজারার জমির ফল নেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঝিনাইদহ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপায় ইজারার জমির ফল নেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বসতভিটায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শৈলকূপা থানার ওসি আহসান হাবিব জানান, বুধবার সকালে শৈলকূপা উপজেলার মীর্জাপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং ১৬ জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত এক জনকে পাঠানো হয়েছে ঢাকা। ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলকনগর গ্রামের ফিরোজ আহমেদ ও সাবেক সদস্য আলম রায়হানের পক্ষের লোকজনের মধ্যে জমি লিজ নেওয়া নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার ওই জমির কলা তোলাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের সমর্থকদের হাতে ঢাল, রামদা, লাঠি দেখা গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে চেয়ারম্যান ফিরোজের পক্ষের ২৯ জন ও রায়হানের পক্ষের ১৪ জন জন আহত হয়েছে বলে জানান ওসি আহসান হাবিব। এলাকায় উত্তেজনা থাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৩৯ ঘ.