ইসলামী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটে ছাত্রলীগ নেতাকর্মীরা দু’দফা হামলা চালিয়েছে।
বুধবার সকালে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. মাহবুবুল আরফিনের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট চলাকালে ছাত্রলীগের হামলায় ওই বিভাগের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। পরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের ওপর আরেক দফা হামলা চালায় ছাত্রলীগ।
হামলায় আহত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম আহমেদ ও আব্দুল জব্বারকে ইবি মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া যাওয়ার সবকটি বাস আটকে দিয়েছে।
শিক্ষক আরেফিনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, বিভাগের প্রতি উদাসীনতা, অদক্ষ শিক্ষক নিয়োগের পাঁয়তারাসহ কয়েকটি অভিযোগ এনে অবস্থান ধর্মঘট করছিল শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সব কক্ষে তালা দিয়ে সামনের করিডোরে অবস্থান ধর্মঘট করছিলো শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট থেকে সরে যেতে বললে শিক্ষার্থীদের সঙ্গে বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রক্টর এসে ছাত্রলীগ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রক্টরের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করে তারা বলেন, বিভাগীয় সভাপতি পদত্যাগ না করা পর্যন্ত কোনো শিক্ষার্থী ক্লাসে ফিরবে না।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মেহের আলী বলেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সংবাদ সম্মেলন করতে চাইলে সেখানে গিয়েও ছাত্রলীগ নেতা-কর্মীদের ১৫-২০ জনের একটি দল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে মাহবুবুল আরফিন বলেন, “শিক্ষার্থীরা অনিয়মতান্ত্রিকভাবে বিভাগে বিশৃঙ্খলা করছিলো। তবে তাদের ওপর হামলা দুঃখজনক।”
অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪০ ঘ.
bdnews24