ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারমান বিচারপতি নিজামুল হক বুধবার এই আদেশ দেন।
এর আগে জামায়াত নেতা কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান এবং বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার হন মুজাহিদ। একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় গত বছর ২১ জুলাই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। ওই বছর ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছরের ১ নভেম্বর মুজাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। ৩৬৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য গত ২৫ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এরপর এক ট্রাইব্যুনাল থেকে অন্যটিতে মামলা স্থানান্তরের জন্য আইন সংশোধন করে অধ্যাদেশও জারি করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুজাহিদ, কাদের, কামারুজ্জামান ও আলীম ছাড়াও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সাবেক আমীর গোলাম আযম এবং বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীরও বিচার চলছে।
আসামিদের মধ্যে কেবল আলীমই শর্ত সাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24