২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধ: তদন্ত কর্মকর্তার জেরা বুধবার

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তাকে জেরা শুরুর জন্য বুধবার দিন রেখেছেন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ মামলার কার্যক্রম শুরুর পর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন তার জবানবন্দি উপস্থাপন শেষ করেন। নয় দিনে আদালতের কাছে নিজের বক্তব্য উপস্থাপন করলেন তিনি। এছাড়া প্রসিকিউশনের আবেদনে ১৫ জনের তদন্তকালীন জবানবন্দি মামলার সাক্ষ্য হিসেবে নথিভুক্ত করা হয় এদিন। এরপর ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক তদন্ত কর্মকর্তার জেরা শুরুর জন্য বুধবার দিন রাখেন। একাত্তরে পিরোজপুরে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, ধর্মান্তরকরণ, অগ্নিসংযোগসহ ২০টি অপরাধে গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি আবেদনের ওপর আদেশ এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মামলার শুনানিও বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/জেকে/১৬০৯ ঘ.