২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনাথে সংঘর্ষআট হাজার বিএনপি কর্মীর বিরুদ্ধে ২ মামলা

সোমবার রাত ও মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোট ৪২ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 03:42 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

সিলেট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির আট হাজার নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে। বিএনপির ডাকে সোমবার হরতাল চলাকালে দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষে নিহত হন দুইজন, আহত হয় ১০ পুলিশসহ অর্ধশতাধিক। এরপর বিশ্বনাথ উপজেলা প্রশাসন গভীর রাতে ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগে দ্রুত বিচার আইনে একটি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে বিশ্বনাথ থানা পুলিশ অপর মামলাটি দায়ের করে। সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় তিন হাজার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। অপর মামলাটির বাদী বিশ্বনাধ থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল ধর। সোমবার রাত ও মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান। সাত দিনেও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় মঙ্গলবারও সারা দেশে হরতাল করছে বিএনপি। সকাল থেকে বিশ্বনাথে শান্তিপূর্ণ হরতালের খবর পাওয়া গেলেও সেখানকার পরিস্থিতি এখনো থমথমে। বিশ্বনাথ উপজেলা সদরসহ আশেপাশের গ্রামগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও র‌্যাব। গ্রেপ্তার আতঙ্কে অনেক গ্রামই পুরুষশূণ্য হয়ে পড়েছে। এর আগে রোববারও হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিশ্বনাথের বিএনপি কর্মীরা। সোমবারের সংঘর্ষের সময় উপজেলা পরিষদ কমপ্লেক্সের বেশ কয়েকটি কার্যালয় এবং কমপ্লেক্স সংলগ্ন শতাধিক দোকানপাট ভাঙচুর করে হরতালকারীরা। হামলা হয় ইউএনওর বাড়িতে। তার গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। বিজিবির ৫ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, সংঘর্ষ থামার পর নতুন করে সহিংসতা দমনে রোববার বিকেল থেকে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন। বিশ্বনাথে তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩২ ঘ.