খুলনা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সদর থানায় এক ছাত্রদলকর্মীকে চোখ বেঁধে ঝুলিয়ে পেটানোর অভিযোগে ওসি এস এম কামরুজ্জামানসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার দুপুরে হরতাল চলাকালে থানার একটি কক্ষে ওসির নেতৃত্বে ছাত্রদলকর্মী মাহামুদুল হক টিটোকে মারধর করেন কয়েকজন এসআই ও কনস্টেবল।
প্রত্যাহার হওয়া অন্যরা হলেন- সিপাহী আবু সুফিয়ান, সিপাহী মামুন আখতার এবং ওসি’র গাড়িচালক সুধাংশু।
ওসি মারধরের কথা অস্বীকার করলেও ওই ঘটনার ছবি সোমবার গণমাধ্যমে প্রকাশিত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকালে মহানগর পুলিশ কমিশনার শফিকুর রহমানের নির্দেশে ওসি কামরুজ্জামানসহ চারজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। থানার উপ-পরিদর্শক কাজী রেজাউল করিমকে চলতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।”
ঘটনা তদন্তে মহানগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মো. হায়দার আলীকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
ছাত্রদল কর্মীকে নির্যাতনের ঘটনায় পুলিশের আইজি ও খুলনা মহানগর পুলিশের কমিশনারের কাছে বিচার চেয়েছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম মঞ্জু। পরে খুলনা পুলিশের উপ-কমিশনার হায়দার আলীকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
সাংসদ মঞ্জু সোমবার দুপুর ১২টায় কেডি রোডের জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, ওসিকে প্রত্যাহার করাই যথেষ্ট নয়। তাকে পদ থেকে অপসারণ করতে হবে।
এই ঘটনায় বিএনপি ওসির বিরুদ্ধে মামলা করবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি মিডিয়ার দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯২৩ ঘ.
bdnews24