ফেনী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার পর স্ত্রীর দু’টি খণ্ডিত অংশসহ ধরা পড়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাইফুল ইসলাম জুয়েল।
শনিবার রাত ১০টার দিকে ছাগলনাইয়ার শুভপুর ব্রিজ এলাকায় জুয়েল (৩৩) আটক হন।
জুয়েল উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের ওসমান গণি ওরফে প্রকাশ মন্টু ড্রাইভারের ছেলে। তিনি চট্টগ্রামের একটি জাহাজ মেরামত কারখানার সহকারী প্রকৌশলী। থাকেন বন্দরের নিউমুরিং এলাকায় একটি ভাড়া বাসায়।
জুয়েল পুলিশকে জানান, তিন বছর আগে বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের শেখ মহিউদ্দিনের মেয়ে ফারহানা ইয়াসমীন মিলির (২৮) সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসার সুখের ছিল না।
কয়েকমাস আগে গোপনে চট্টগ্রাম কমার্স কলেজের এক ছাত্রীকে আবার বিয়ে করার পর থেকে স্বামী-স্ত্রীর বিবাদ চলছিল। এ কারণে জুয়েল স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।
তিনি আরো বলেন, হত্যার পর স্ত্রীর লাশটি তিনি চার টুকরা করেন। দুই টুকরা চট্টগ্রামের বাসায় রেখে বাকি দু’টি বাড়ি নিচ্ছিলেন মাটি দেওয়ার জন্য।
ছাগলনাইয়া থানার ওসি মাইনুল আবসার সাংবাদিকদের জানান, শনিবার রাত ৯টায় চট্টগ্রাম থেকে একটি বাসে শুভপুর ব্রিজের কাছে নেমে অটোরিকশার খোঁজ করছিলেন জুয়েল। তার সঙ্গে একটি বড় ঝুড়ি ছিল।
পুলিশের একটি টহল দল ঝুড়ি পরীক্ষা করে এক মহিলার দুই টুকরা লাশ পান।
ময়না তদন্তের জন্য লাশের টুকরাগুলো ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রামের বন্দর থানায় মামলা রয়েছে। বিকালে জুয়েলকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24