২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী মিছিল আ. লীগের

বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল বের করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল বের করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে রোববার বিএনপির ডাকা এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছিল সরকারি দল। এর জবাবে বিএনপি উল্টো লাগাতার হরতালের হুমকি দিয়েছে। হরতালের দিন সকাল থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। সেখানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রয়েছেন। নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে থেমে থেমে হরতালবিরোধী স্লোগান দিচ্ছেন। ওই এলাকায় বেলা সাড়ে ১১টার সময় সহযোগী সংগঠন ওলামা লীগের একটি মিছিল বের হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশও করে তারা। সমাবেশে বক্তারা হরতাল আহ্বানের সমালোচনা করেন। এদিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড়ের কাছে হরতালবিরোধী মিছিল করে পল্টন থানা ছাত্রলীগ। তবে বিএনপি কার্যালয়ের দিকে তাদের যেতে দেয়নি পুলিশ। এছাড়া আরো কয়েকটি স্থানেও হরতালবিরোধী মিছিল দেখা গেছে। হরতাল আহ্বানকারী বিএনপি বলেছে, তাদের নেতা ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ইলিয়াস নিখোঁজের ঘটনা বিএনপির ‘নাটক’। ইলিয়াসের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হরতাল প্রত্যাহারের জন্য শুক্রবার বিএনপির প্রতি আহ্বান জানান। এর জবাবে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইলিয়াসের সন্ধান না পেলে তারা লাগাতার হরতালের ডাকও দিতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এএইচএ/এমএমআর/এমআই/১১৪৬ ঘ.