২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের পিটুনিতে মাথা ফেটেছে শিশুর

কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষকের পিটুনিতে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

কুড়িগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর উপজেলায় শিক্ষকের পিটুনিতে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত তানিয়া আক্তার (৬) সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বাসুর ভিটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বাসুর ভিটা গ্রামের কৃষক আবু তালেবের মেয়ে সে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেন জানান, তানিয়ার মাথায় ২১টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে অভিযোগ পেয়ে ইতোমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তানিয়ার বাবা আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে গিয়ে নির্দিষ্ট শ্রেণীকক্ষে অপেক্ষা করছিল তানিয়া। পরীক্ষা শুরু আগে শিশুরা হইচই করছিল। “এ সময় শিক্ষক তাজুল ইসলামের প্রচণ্ড বেত্রাঘাতে তানিয়ার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তা দেখে সহপাঠীরা একসঙ্গে চিৎকার করে কাঁদতে শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে।” নাম প্রকাশে অনিচ্ছুক কুড়িগ্রাম সদর হাসপাতালের এক চিকিৎসক বলেন, তানিয়ার মাথার ক্ষতটা অনেক বড় এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে। তবে প্রধান শিক্ষক গোলাপ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত তাজুল ইসলাম বিদ্যালয়ের নিয়মিত শিক্ষক নন। ন্যাশনাল সার্ভিস থেকে ডেপুটেশনে তাকে এ স্কুলে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২১৩৯ ঘ.