যশোর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের আগের দিন ঢাকায় অগ্নিদগ্ধ বাস চালকের মৃত্যুর প্রতিবাদে যশোর, সাতক্ষীরা ও খুলনার সঙ্গে ঢাকার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় যশোরে তাৎক্ষণিক এক সভায় বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতিসহ পরিবহন মালিক ও শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয়।
শুক্রবার রাজধানীর খিলগাঁও এলাকায় খিদমাহ হাসপাতালের সামনে ঈগল পরিবহনের বাসে আগুন দিলে ভেতরে থাকা চালক বদর আলীর (৪০) মৃত্যু হয়।
নিহত বদর আলীর বাড়ি খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, ঢাকায় আমাদের এক চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যশোর থেকে ঢাকায় সব ধরনের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যা ৭টা থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১২২ ঘ.
bdnews24