সিলেট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দুপুরে দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেন বাসচালক ইমতিয়াজ আলী মিয়া।
এ মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে দক্ষিণ সুরমার কিন ব্রিজ এলাকায় ৪-৫ জন যুবক একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। কিছুক্ষণের মধ্যে আরো ১০-১২ জন তাদের সঙ্গে যোগ দিয়ে বাসটিতে আগুন দিয়ে চলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মামলায় ছাত্রদল, মামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ সুরমার ভার্থখলা স্বর্ণালী এলাকার বাহার উদ্দিন এবং খোজারখলার সোহেল আহমদ। বাকিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান আমিনুল ইসলাম।
আসামিদের মধ্যে আরো রয়েছেন দক্ষিণ সুরমা ছাত্রদল সভাপতি কোহিনূর আহমদ, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ছাত্রদল নেতা বাহার উদ্দিন, সোহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হাসান জুয়েল, যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, এনামুল হক, ছাত্রদল তুরন আহমদ, রাসেল, এমএ মান্নান, রুমেল আহমদ, আশিক আহমদ, মির্জা মতি, জনি মির্জা, সোহেল আলম, এমএ মতিন ও ইমরানুল হাসান জাসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24