২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের ভয় দেখালে ব্যবস্থা’

একাত্তরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধে অভিযুক্তদের মামলার সাক্ষীদের কেউ ভয়-ভীতি দেখালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত দলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একাত্তরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধে অভিযুক্তদের মামলার সাক্ষীদের কেউ ভয়-ভীতি দেখালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত দলের সদস্যরা। সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের সুরক্ষার ওপরও গুরুত্ব আরোপ করছেন তারা। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিচার প্রক্রিয়াকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে আসে তদন্ত দলের চার সদস্য ও দুই জন প্রসিকিউটর। শনিবার বিকালে তদন্ত দলের সদস্যরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযোগ গঠন হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ শুরুর কথা রয়েছে। অভিযোগ রয়েছে, সাকা চৌধুরীর আইনজীবী ও তার সমর্থকদের চাপে রাউজানে বেশকিছু সাক্ষী তদন্ত দলের কাছে দেওয়া তাদের সাক্ষ্য প্রত্যাহারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন। রানা দাশগুপ্ত বলেন, “যদি এমন কেউ কিছু করে থাকে আইন তার নিজস্ব গতিতে চলবে।” এ বিষয়ে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তদন্ত দলের জ্যেষ্ঠ সদস্য সানাউল হক বলেন, “সাক্ষীদের ভয়ভীতি দেখানোর বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে।” “সাক্ষীদের সুরক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তাদের ভালমন্দ দেখার দায়িত্ব আমাদের।” এ প্রসঙ্গে তদন্ত দলের সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, “যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমকে ভণ্ডুল করতে নানা ধরণের কাজ হচ্ছে। সালাউদ্দিন কাদের ইতিমধ্যে ৯৭টি পিটিশান দিয়েছেন বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলছে।” এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, তদন্ত দলের সদস্য নুরুল ইসলাম ও হরি দেবনাথ উপস্থিত ছিলেন। সাকা চৌধুরীর মামলার তদন্তে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করার প্রত্যাশাও ব্যক্ত করে তদন্ত দল। গত দুই দিনে রাউজানসহ চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন এবং সাক্ষী ছাড়াও বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে তদন্ত দল ও প্রসিকিউটররা কথা হয়েছে বলে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০২৭ ঘ.